Thursday, September 10, 2026

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক


প্রতীকী ছবিঃ ধর্ষণের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। শেরপুর 

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এ ঘটনায় রোববার (২৪ মে) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে শেরপুর সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ স্বামীর সঙ্গে এনামুলের বাড়িতে ভাড়া থাকতেন। অভিযোগ রয়েছে, এনামুল দীর্ঘদিন ধরে ওই নারীকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে পরিবার ও এলাকাবাসীর উপস্থিতিতে একাধিকবার সালিশও অনুষ্ঠিত হয়। এরপর থেকেই অভিযুক্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে দাবি স্থানীয়দের।

মামলার অভিযোগে বলা হয়, শনিবার দুপুরে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে তিনি ঘটনাটি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা শনিবার রাত ৯টার দিকে এনামুলকে আটক করে পুলিশে দেয়। একই সঙ্গে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিলও করেন স্থানীয়রা।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, জনতার কাছ থেকে এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রোববার সকালে ভুক্তভোগী নারী মামলা দায়ের করার পর অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতারা। সাবেক জেলা ছাত্রদলের সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামুল হাসান আনন্দ দাবি করেন, এনামুলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তার ভাষ্য, অভিযুক্ত ও ওই নারীর মধ্যে পূর্বপরিচিত সম্পর্ক ছিল এবং ঘটনাটি পরিকল্পিতভাবে ধর্ষণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন