- ২৪ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। দিনাজপুর
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ মে) ভোরে হিলি চেকপোস্ট সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন হিলির উত্তর বাসুদেবপুর এলাকার মৃত আজাদ খানের ছেলে সুরুজ খান এবং একই এলাকার মৃত হাসান আলীর ছেলে রবিউল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, ভারত সীমান্ত ঘেঁষা এলাকা দিয়ে মাদকের একটি চালান দেশে প্রবেশ করে স্থানীয়ভাবে কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার একটি টহল দল অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে সুরুজ ও রবিউলকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন।
আটক দুইজনের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।