Monday, May 11, 2026

অনুমতি ছাড়াই ছবি ব্যবহারে স্যামসংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ডুয়া লিপার


ছবিঃ ডুয়া লিপা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা এবার আলোচনায় এসেছেন আইনি লড়াইকে কেন্দ্র করে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসং–এর বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা করেছেন তিনি। অভিযোগ, শিল্পীর অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে টেলিভিশনের প্রচারণা চালিয়েছে প্রতিষ্ঠানটি।

মার্কিন আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, ২০২৪ সাল থেকে স্যামসং তাদের টিভির প্যাকেজিংয়ে ডুয়া লিপার ছবি ব্যবহার করে আসছিল। অথচ এ বিষয়ে গায়িকাকে কোনো ধরনের অনুমতি চাওয়া হয়নি কিংবা কোনো চুক্তিও করা হয়নি।

মামলার নথিতে দাবি করা হয়েছে, ডুয়া লিপার আন্তর্জাতিক জনপ্রিয়তা ও ব্র্যান্ডমূল্যকে কাজে লাগিয়ে পণ্যের বাজার বাড়ানোর চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। গায়িকার আইনজীবীরা অভিযোগ করেছেন, তাঁর ছবি এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে সাধারণ ক্রেতারা মনে করতে পারেন তিনি ওই পণ্যের আনুষ্ঠানিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ব্যবহৃত ছবিটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের একটি সংগীত উৎসবের ব্যাকস্টেজে তোলা হয়েছিল এবং ছবিটির কপিরাইটও ডুয়া লিপার মালিকানাধীন বলে দাবি করা হয়েছে।

গায়িকার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু মন্তব্যও আদালতে উপস্থাপন করা হয়েছে। সেখানে অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন যে ডুয়া লিপার ছবি দেখেই তারা পণ্যটি কেনার আগ্রহ পেয়েছিলেন। এসব মন্তব্যকে ভোক্তাদের সিদ্ধান্তে প্রভাবের প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে।

আইনজীবীদের দাবি, অনুমতি ছাড়া ছবি ব্যবহার করায় শুধু আর্থিক ক্ষতিই হয়নি, বরং ডুয়া লিপার ব্যক্তিগত ব্র্যান্ড ইমেজও ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, তিনি সাধারণত খুব বাছাই করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপন ও প্রচারণামূলক চুক্তিতে যুক্ত হন। তবে মামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি স্যামসং।

সংগীতের পাশাপাশি ফ্যাশন ও ব্র্যান্ড দুনিয়ায়ও শক্ত অবস্থান গড়ে তোলা ডুয়া লিপার এই আইনি পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন