- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর ইডেন মহিলা কলেজ–এ ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। শনিবার গভীর রাতে তারা কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে বের হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ছাত্রদলের এক পদপ্রত্যাশীর টানানো ব্যানারে আগুন দেওয়ার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে হজরত রাবেয়া বসরী ছাত্রীনিবাসসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে জড়ো হন। তারা “ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা কয়েকটি ফটকের তালা ভাঙার চেষ্টা করেন এবং মূল ফটকের তালা ভেঙে বাইরে বেরিয়ে আসেন।
পরে কলেজের বাইরে টানানো একটি ব্যানারে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ব্যানারটিতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের কয়েকজন সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের এক নেত্রীর নাম উল্লেখ ছিল। যদিও শেষ পর্যন্ত ব্যানারটিতে আগুন লাগানো সম্ভব হয়নি।
বিক্ষোভকারীরা পরে কলেজের প্রধান ফটকে কালো রঙ দিয়ে “সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস” লিখে দেন। তাদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বাড়ায় স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই তারা ক্যাম্পাসে সব ধরনের দলীয় কার্যক্রম বন্ধের দাবি জানান।
এর আগে সন্ধ্যার দিকে কলেজ ফটকে লেখা “রাজনীতিমুক্ত ক্যাম্পাস” কথাটি রং দিয়ে মুছে ফেলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদ থেকেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নাছির উদ্দীন। তিনি বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক মতপ্রকাশ ও ছাত্ররাজনীতিতে অংশগ্রহণের অধিকার রয়েছে। একই সঙ্গে তিনি কিছু গোষ্ঠীর বিরুদ্ধে ক্যাম্পাসে ‘মব’ তৈরির অভিযোগও তোলেন।
ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। তবে রাতের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।