- ২৪ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ক্লাস আগামী ২ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও একই সময়ে ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় নতুন শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি ও অনিশ্চয়তা।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশনা অনুযায়ী, অনার্স প্রথম বর্ষের ক্লাস ২ জুন থেকে শুরু করার কথা বলা হয়েছিল। তবে অধিভুক্ত কলেজগুলোর ছুটির সময়সূচি অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত সব কলেজে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে ৫ ও ৬ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ৭ জুনের আগে ক্লাস শুরু করা সম্ভব হচ্ছে না।
এতে করে নির্ধারিত তারিখে ক্লাস শুরুর ঘোষণা থাকলেও বাস্তবে তা কার্যকর হবে কি না—এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
কলেজগুলোর প্রকাশিত নোটিশ অনুযায়ী, ছুটিকালীন সময়ে শুধু শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কাজ, ভর্তি ফরম পূরণ এবং অন্যান্য অফিস কার্যক্রম যথারীতি চালু থাকবে।
এরই মধ্যে ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় মেধাতালিকাও প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ, ফি জমা এবং কলেজ কর্তৃক ভর্তি নিশ্চয়ন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে।
ক্লাস শুরুর বিষয়ে এখনো বিশ্ববিদ্যালয় থেকে নতুন কোনো আনুষ্ঠানিক নির্দেশনা না এলেও অধিকাংশ অধিভুক্ত কলেজ ৭ জুন থেকে ক্লাস শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
শেরপুর সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ভর্তি কমিটির সদস্য শামছুল হুদা চৌধুরী জানান, ছুটির কারণে ২ জুন ক্লাস শুরু করা সম্ভব নয়। তিনি বলেন, কলেজ পর্যায়ে সিদ্ধান্ত অনুযায়ী ৭ জুন থেকে অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু করা হবে।
অন্য কলেজগুলোর নোটিশেও একই ধরনের তথ্য পাওয়া গেছে, যেখানে ঈদের ছুটি শেষে ৭ জুন থেকেই নিয়মিত ক্লাস শুরুর কথা উল্লেখ করা হয়েছে।
ফলে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর সময় নিয়ে বিভ্রান্তি থাকলেও বাস্তবে ঈদের ছুটি শেষে ৭ জুন থেকেই কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা বেশি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।