Sunday, May 24, 2026

জাল সনদে এমপিও সুবিধা হারালেন ১১৭ শিক্ষক, ২৪ জনকে শোকজ নোটিশ


প্রতীকী ছবিঃ শিক্ষা মন্ত্রণালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)–এর যাচাইয়ে জাল সনদের প্রমাণ পাওয়ায় দেশের ১১৭ জন শিক্ষককে এমপিও সুবিধা থেকে বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

রবিবার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৬-এর ১৮ অনুচ্ছেদ অনুযায়ী তাদের এমপিও বাতিল কার্যকর করা হয়েছে।

এছাড়া একই অভিযোগে ২৪ জন কলেজ পর্যায়ের শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা থেকে জারি করা আদেশে তাদের বিরুদ্ধে জাল বা ভুয়া সনদ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখার তথ্য অনুযায়ী, মোট ৮৫ জন জাল বা ভুয়া সনদধারী শিক্ষকের তালিকা পাওয়া গেছে, যার মধ্যে ২৪ জন কলেজ পর্যায়ের এবং ৬১ জন স্কুল পর্যায়ের শিক্ষক। এনটিআরসিএ–এর যাচাইয়ে এসব সনদ জাল বলে প্রমাণিত হয়।

আদেশে আরও বলা হয়, জাল সনদের মাধ্যমে এমপিও সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে অনুদান ও বেতন-ভাতা বাবদ নেওয়া অর্থ আদায়সহ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষকদের কেন এমপিও বাতিল বা স্থগিত করা হবে না এবং তাদের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না—সে বিষয়ে ১০ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে।

শিক্ষা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সরকারি অনুদানের সঠিক ব্যবহার নিশ্চিতে এ ধরনের যাচাই কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন