- ২১ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যে নতুন সম্ভাবনার বাজার দেখছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং দাবি করেছেন, এনভিডিয়ার নতুন সিপিইউ ‘ভেরা’ ভবিষ্যতে প্রায় ২০০ বিলিয়ন ডলারের নতুন বাজার তৈরি করতে পারে।
সম্প্রতি আয়-ব্যয়ের হিসাব প্রকাশের পর বিনিয়োগকারীদের সঙ্গে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জানান, চলতি বছরেই স্ট্যান্ডঅ্যালোন ‘ভেরা’ সিপিইউ বিক্রি থেকে প্রায় ২০ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে এনভিডিয়া।
এনভিডিয়া মূলত জিপিইউ বা গ্রাফিকস প্রসেসিং ইউনিট তৈরির জন্য বিশ্বজুড়ে পরিচিত। দীর্ঘদিন ধরে সিপিইউ বাজারে আধিপত্য ছিল ইন্টেল ও এএমডির মতো প্রতিষ্ঠানের। তবে এবার এআই–কেন্দ্রিক সিপিইউ বাজারেও শক্ত অবস্থান গড়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
জেনসেন হুয়াং বলেন, ‘ভেরা’ হচ্ছে এমন একটি সিপিইউ, যা বিশেষভাবে এজেন্টিক এআই পরিচালনার জন্য তৈরি করা হয়েছে। তাঁর ভাষায়, ভবিষ্যতে বিশ্বের কোটি কোটি এআই এজেন্ট বিভিন্ন কাজ পরিচালনা করবে এবং এসব প্রযুক্তি চালাতে বিপুলসংখ্যক সিপিইউ প্রয়োজন হবে।
তিনি ব্যাখ্যা করেন, প্রচলিত ক্লাউড সিপিইউ একাধিক অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য তৈরি হলেও ‘ভেরা’ মূলত দ্রুত টোকেন প্রসেসিংয়ের ওপর গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে। ফলে এআই এজেন্ট পরিচালনায় এটি আরও কার্যকর হবে বলে দাবি করেন তিনি।
এনভিডিয়ার নতুন এই পরিকল্পনা এমন এক সময়ে এসেছে, যখন অ্যামাজন, গুগলসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের এআই চিপ উন্নয়নে জোর দিচ্ছে। বিশেষ করে অ্যামাজন ওয়েব সার্ভিসেস সম্প্রতি মেটার সঙ্গে নিজস্ব এআই সিপিইউ সরবরাহের বড় চুক্তি করেছে।
এ নিয়ে প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এআই চিপ বাজারে প্রতিযোগিতা আগামী দিনে আরও তীব্র হবে। তবে জেনসেন হুয়াং আত্মবিশ্বাসী যে, এজেন্টিক এআই প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে থাকবে এনভিডিয়া।
তিনি বলেন, বর্তমানে বিশ্বে প্রায় ১০০ কোটি মানব ব্যবহারকারী থাকলেও ভবিষ্যতে কয়েকশ কোটি এআই এজেন্ট তৈরি হবে। আর এসব এজেন্ট পরিচালনায় নতুন ধরনের কম্পিউটিং অবকাঠামো প্রয়োজন হবে, যেখানে সিপিইউর চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
এদিকে এনভিডিয়া সর্বশেষ প্রান্তিকে ৮১ দশমিক ৬ বিলিয়ন ডলার আয় করেছে। আগামী প্রান্তিকে কোম্পানিটি ৯১ বিলিয়ন ডলার আয়ের পূর্বাভাসও দিয়েছে। প্রযুক্তি বাজারে এআই–নির্ভর বিনিয়োগ বাড়তে থাকায় এনভিডিয়ার প্রবৃদ্ধিও অব্যাহত থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।