- ২০ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
নতুন নকশা ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করে ৫ টাকা মূল্যমানের নতুন কাগুজে নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে নতুন সিরিজের এ নোট প্রচলন শুরু হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নতুন নোট বিতরণ করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও এটি সংগ্রহ করা যাবে।
‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শিরোনামে প্রকাশিত নতুন নোটটিতে যুক্ত করা হয়েছে একাধিক নিরাপত্তা উপাদান ও নান্দনিক নকশা। নোটে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার-এর স্বাক্ষর রয়েছে।
নতুন নোটটির দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার। হালকা গোলাপি রঙের প্রাধান্য থাকা নোটের সামনের অংশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ-এর ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি জাতীয় ফুল শাপলার নকশাও সংযোজন করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে।
নোটের পেছনের অংশে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন হিসেবে পরিচিত ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নোটে জলছাপ হিসেবে রাখা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখাবয়ব। এছাড়া ‘৫’ সংখ্যার ইলেকট্রোটাইপ জলছাপ ও সরকারের মনোগ্রাম সংযুক্ত করা হয়েছে। নোটের ভেতরে বিশেষ নিরাপত্তা সুতা ব্যবহার করা হয়েছে, যা আলোতে স্পষ্ট দেখা যাবে।
এ ছাড়া নোটে মাইক্রোপ্রিন্ট প্রযুক্তিতে অসংখ্যবার ‘BANGLADESH’ শব্দ মুদ্রিত রয়েছে, যা জাল নোট প্রতিরোধে সহায়ক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মুদ্রা সংগ্রাহকদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নিয়মিত নোটের পাশাপাশি অবিনিময়যোগ্য নমুনা নোট প্রকাশ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম থেকে সংগ্রহ করা যাবে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ৫ টাকার নোট চালুর পরও বর্তমানে প্রচলিত অন্যান্য কাগুজে নোট ও ধাতব মুদ্রা স্বাভাবিকভাবে ব্যবহৃত হবে।