Wednesday, May 20, 2026

২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতে ইতিহাস গড়ল আর্সেনাল


ছবিঃ ২২ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল এফসি। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি বর্নমাউথকে হারাতে ব্যর্থ হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয় উত্তর লন্ডনের ক্লাবটি।

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে সিটির জয় প্রয়োজন ছিল। তবে ম্যাচের ৩৯ মিনিটে বর্নমাউথের জুনিয়র ক্রুপির গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। শেষদিকে আর্লিং হাল্যান্ড সমতা ফেরালেও জয়ের জন্য প্রয়োজনীয় আরেকটি গোল আদায় করতে পারেনি সিটি।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আর্সেনাল সমর্থকেরা। এমিরেটস স্টেডিয়াম ঘিরে শুরু হয় উদ্‌যাপন।

শিরোপা নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনের ছবি পোস্ট করেন ডেক্লান রাইস। সেখানে তিনি লেখেন, “আমি আগেই বলেছিলাম... কাজ শেষ।”

এটি আর্সেনালের ইতিহাসে ১৪তম ইংলিশ লিগ শিরোপা। এর আগে সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার-এর অধীনে অপরাজিত থেকে লিগ জিতেছিল দলটি। সেই দলটি ‘ইনভিন্সিবলস’ নামে ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা করে নেয়।

বর্তমান কোচ মিকেল আর্তেতা-র অধীনে গত কয়েক মৌসুম ধরেই শিরোপার কাছাকাছি পৌঁছেছিল আর্সেনাল। কিন্তু শেষ মুহূর্তে হতাশ হতে হয়েছিল। এবার আর ভুল করেনি লন্ডনের ক্লাবটি।

দৃঢ় রক্ষণভাগ, সংগঠিত দলীয় ফুটবল এবং সেট পিস থেকে ধারাবাহিক সাফল্য ছিল আর্সেনালের শিরোপা জয়ের বড় শক্তি। ৩৭ ম্যাচে মাত্র ২৬ গোল হজম করেছে দলটি, যা লিগে সর্বনিম্ন। পাশাপাশি কর্নার ও ফ্রি-কিক থেকে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ গোল।

প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল-এও খেলবে আর্সেনাল। ফাইনালে প্রতিপক্ষ প্যারিস সাঁ-জার্মেই। সেই ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুটও জিতবে গানাররা।

২০১৯ সালে দায়িত্ব নেওয়া আর্তেতার জন্যও এটি বিশেষ অর্জন। সাবেক আর্সেনাল মিডফিল্ডার হিসেবে খেলোয়াড়ি জীবনের পর এবার কোচ হিসেবেও ক্লাবকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিলেন তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন