Tuesday, June 2, 2026

নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে ‘ইত্যাদি’র নতুন পর্ব প্রচার হবে ৫ জুন


ছবিঃ অনুষ্ঠানের শুরুতেই নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে ঘিরে থাকছে একটি পরিচিতিমূলক নৃত্যগীত (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার হাজির হচ্ছে নরসিংদীকে কেন্দ্র করে নির্মিত একটি বিশেষ পর্ব নিয়ে। আগামী ৫ জুন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি।

প্রকৃতি, লোকজ সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ঐতিহ্যবাহী শিল্পের জন্য পরিচিত নরসিংদী জেলার নানা দিক তুলে ধরা হয়েছে এবারের আয়োজনে। অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে।

আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠান ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল দর্শকে পূর্ণ হয়ে যায়। নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে হাজারো মানুষ সেখানে উপস্থিত হন। স্থান সংকুলান না হওয়ায় অনেকে আশপাশের ভবনের ছাদ, রাস্তার পাশে এবং উঁচু স্থান থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

এবারের পর্বে নরসিংদীর ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারাকে কেন্দ্র করে থাকছে বিশেষ নৃত্যগীত এবং সঙ্গীত পরিবেশনা। জেলার কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরতে নির্মিত হয়েছে একটি উদ্বোধনী পরিবেশনা, যেখানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে দর্শকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে নরসিংদী বিষয়ক কুইজ প্রতিযোগিতা। নির্বাচিত বিজয়ীদের নিয়ে নির্মিত হয়েছে একটি বিনোদনধর্মী নাট্যাংশ, যেখানে জেলার ঐতিহ্যবাহী পণ্য ও স্থানীয় বৈশিষ্ট্যকে মজার ছলে উপস্থাপন করা হয়েছে।

নতুন পর্বের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। পাশাপাশি নরসিংদীর তাঁতশিল্প, বাবুরহাটের বাণিজ্যিক ঐতিহ্য, অমৃতসাগর কলা, লটকন ও কলম্বো লেবুসহ জেলার বিভিন্ন পরিচিত পণ্য ও সম্পদ নিয়েও থাকছে তথ্যসমৃদ্ধ আয়োজন।

অনুষ্ঠানে একটি মানবিক প্রতিবেদনও স্থান পেয়েছে। এতে তুলে ধরা হয়েছে খুলনার এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির সংগ্রাম ও আত্মবিশ্বাসের গল্প, যিনি প্রতিকূলতাকে জয় করে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

দেশীয় আয়োজনের পাশাপাশি বিদেশি প্রতিবেদনে দর্শকদের ঘুরিয়ে আনা হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং ফিলিপ আইল্যান্ডের বিখ্যাত ‘পেঙ্গুইন প্যারেড’ থেকে।

বরাবরের মতো সমাজের বিভিন্ন অসংগতি, জনসচেতনতা, দুর্নীতি, সামাজিক সম্পর্ক ও সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকছে অনুষ্ঠানে। এছাড়া জনপ্রিয় চিঠিপত্র পর্ব এবং কাশেম টিভির বিশেষ আড্ডাও দর্শকদের জন্য বিনোদনের বাড়তি মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন দেশের জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনচিত্র তুলে ধরার মাধ্যমে ‘ইত্যাদি’ দর্শকদের কাছে একটি অনন্য সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়েছে। নরসিংদীকে কেন্দ্র করে নির্মিত এবারের পর্বও সেই ধারাবাহিকতায় দর্শকদের জন্য একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন