Wednesday, June 17, 2026

নড়াইলে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু


ছবিঃ পুকুরে ডুবে মৃত্যু দুই শিশুর মৃত্যু (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নড়াইল

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের ছেলে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ছোট ছেলে ফারুককে দুধ পান করানোর সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন তাদের মা। এ সুযোগে দুই ভাই ঘর থেকে বের হয়ে বাড়ির আশপাশে খেলতে যায়। কিছুক্ষণ পর ঘুম থেকে জেগে সন্তানদের খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। পরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়।

অনেক খোঁজাখুঁজির পরও শিশু দুটির কোনো সন্ধান না মেলায় বাড়ির পাশের পুকুরে অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

একই পরিবারের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন