- ২৬ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নওগাঁ
নওগাঁর ধামইরহাট উপজেলায় সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার চাপ দিয়ে এক বৃদ্ধ মাকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে তারই ছেলের বিরুদ্ধে। অভিযোগ, মায়ের কাছ থেকে জমিজমা হাতিয়ে নিতে ব্যর্থ হয়ে তাকে একাধিকবার মারধর করা হয়। সর্বশেষ ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধার পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া আসাদুজ্জামান শামীম (৩৭) উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা। তার মা আনজুমান আরা (৬৭) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আনজুমান আরার নামে থাকা কিছু জমিজমা নিজের নামে লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাকে চাপ দিয়ে আসছিলেন শামীম। তবে এতে রাজি না হওয়ায় মা-ছেলের মধ্যে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, গত ৭ জুন শামীম ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হলে আনজুমান আরা চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৪ জুন আবারও মায়ের ওপর হামলা চালান শামীম। এ সময় ধারালো চাকু দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
পরে এ ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বস্তাবর গ্রাম থেকে আসাদুজ্জামান শামীমকে গ্রেফতার করে ধামইরহাট থানা পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পিতা-মাতার প্রতি সহিংসতা ও নির্যাতনের মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনার অন্যান্য দিকও তদন্ত করে দেখা হচ্ছে।