Monday, June 22, 2026

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিলের প্রস্তুতি, রাজধানীতে ১৪ জন গ্রেপ্তার


প্রতীকী ছবিঃ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা–পুলিশ। পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়েছে। সোমবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা সমবেত হওয়ার চেষ্টা করছেন—এমন তথ্যের ভিত্তিতে নজরদারি জোরদার করা হয়। এরই অংশ হিসেবে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, সকাল পৌনে ৮টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা–কর্মী জড়ো হন। এ সময় মিছিল বের করার প্রস্তুতি চলাকালে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদাবর থানা আওয়ামী লীগের নেতা মো. কবির আহম্মেদ (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার (৪০) ও নয়ন শেখ (৩১), যুবলীগের সক্রিয় কর্মী মো. ইব্রাহিম (২৬), মো. রাকিব (২৬) এবং মো. রাকিব (২৩)।

অন্যদিকে, মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কবির ওরফে হুমায়ন কবির (৫৪), মো. কালাম ফরাজি (৪০), কবির হাওলাদার (৪৮), মো. সিরাজ (৩৮), মো. হেলাল হোসেন (৪০), মো. আলী রাজ হোসেন (৩৭), মো. স্বপন মিয়া (৪০) এবং মুরাদ ওরফে মুরাদ মাতবর (২৭)।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে পৃথক মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনুমোদনহীন রাজনৈতিক কর্মসূচি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।



Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন