- ২১ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা ফখরুলের একটি ছবি দিয়ে শুভেচ্ছা বার্তা দেন তিনি।
বার্তায় শফিকুর রহমান আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে আগামী দিনগুলোতে মির্জা ফখরুল রাষ্ট্রের অভিভাবক হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রজ্ঞার সর্বোচ্চ প্রয়োগ করবেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার জাতীয় সংসদে। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।
ফলাফল ঘোষণার পর সংসদ কক্ষেই মির্জা ফখরুলকে অভিনন্দন জানান শফিকুর রহমান। এ সময় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বুকে জড়িয়ে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর শফিকুর রহমানের এই শুভেচ্ছা বার্তাকে দুই রাজনৈতিক পক্ষের মধ্যে সৌহার্দ্যের প্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব গ্রহণকে ঘিরে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।