- ২১ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার প্রথমবারের মতো একটি প্রস্তুতিমূলক সভা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নির্বাচন আয়োজনের সম্ভাব্য প্রস্তুতি, শিক্ষার্থী ও সক্রিয় ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা এবং আবাসিক হলগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, দুই সহ-উপাচার্য, প্রক্টর এবং বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
সভায় ডাকসু নির্বাচন কীভাবে আয়োজন করা হবে, এর জন্য প্রশাসনের কী ধরনের প্রস্তুতি প্রয়োজন এবং নির্বাচন প্রক্রিয়ায় কারা অংশীজন হিসেবে যুক্ত থাকবেন—এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ডাকসু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো চিহ্নিত করে ধাপে ধাপে প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়েও সভায় আলোচনা হয়েছে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রশাসনকে প্রতিবেদন দিতে প্রাধ্যক্ষদের দায়িত্ব দেওয়া হয়েছে। নিজ নিজ হলে সভা করে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে তারা প্রশাসনের কাছে তথ্য তুলে ধরবেন।
একই সঙ্গে বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করার পরিকল্পনাও রয়েছে বলে জানান উপাচার্য। শিক্ষার্থীদের মতামত ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।
প্রশাসনের এই উদ্যোগের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রস্তুতির সূচনা হলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী এই ছাত্র সংসদের নির্বাচন ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসে আগ্রহ তৈরি হয়েছে।
গত বছরের ১৪ সেপ্টেম্বর বর্তমান ডাকসু কমিটি দায়িত্ব গ্রহণ করে। সে হিসাবে তাদের এক বছরের মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত না হলে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ সর্বোচ্চ আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে।
ফলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে এখন থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতির দিকে নজর রাখছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।