- ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিলামের মাধ্যমে আরও ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৬ জানুয়ারি) ১৪টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে এ ডলার সংগ্রহ করা হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এবারের নিলামে ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয় প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা। একই দরকে কাটঅফ মূল্য হিসেবে গ্রহণ করা হয়েছে। এতে করে চলতি জানুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৪১১ মিলিয়ন বা ৪১ কোটি ১০ লাখ মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ডলার কেনার এই উদ্যোগ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং বাজারে অপ্রয়োজনীয় অস্থিরতা রোধের অংশ। এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরেও কয়েক দফা নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩.৫৪ বিলিয়ন মার্কিন ডলার। সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিক এই ক্রয় কার্যক্রম রিজার্ভ ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং আমদানি–রপ্তানি লেনদেনে আস্থা বাড়াতে সহায়ক হবে।