- ২১ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিদেশে ভ্রমণ, কেনাকাটা ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ছে বাংলাদেশিদের মধ্যে। এরই ধারাবাহিকতায় গত আগস্ট মাসে দেশের ব্যাংকগুলো থেকে ইস্যু করা ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদেশে মোট ৯৮৭ কোটি টাকা খরচ করেছেন গ্রাহকরা। বিদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে।
বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনের পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ব্যয় করেছেন ৫০৫ কোটি টাকা। ডেবিট কার্ডে ব্যয়ের পরিমাণ ছিল ৪২২ কোটি টাকা। এ ছাড়া প্রিপেইড কার্ডের মাধ্যমে খরচ হয়েছে ৬০ কোটি টাকা।
বিদেশে ক্রেডিট কার্ডে ব্যয়ের ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আগস্টে দেশটিতে বাংলাদেশিদের মোট বিদেশি ক্রেডিট কার্ড ব্যয়ের ১৭ দশমিক ১৬ শতাংশ হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডে ব্যয়ের হার ১০ দশমিক ৮৬ শতাংশ। এরপর যুক্তরাজ্যে ৯ দশমিক ৭৫ শতাংশ, ভারতে ৯ দশমিক ১২ শতাংশ এবং সিঙ্গাপুরে ৭ দশমিক ৯৮ শতাংশ ব্যয় করেছেন বাংলাদেশি গ্রাহকরা।
বিদেশে কার্ডের ব্যবহার বাড়ার পাশাপাশি দেশের অভ্যন্তরেও এ মাধ্যমে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত পাঁচ বছরে দেশে ব্যাংক কার্ডের মাধ্যমে লেনদেনের মোট অর্থমূল্য প্রায় দ্বিগুণ হয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে দেশের অভ্যন্তরে কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছিল ২৪ হাজার ৫৬১ কোটি টাকা। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৭০ কোটি টাকায়। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে কার্ডভিত্তিক লেনদেনের অর্থমূল্য বেড়েছে প্রায় ১০৩ শতাংশ।
একই সময়ে ব্যাংক কার্ডের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২১ সালের সেপ্টেম্বরে দেশে কার্ডের সংখ্যা ছিল দুই কোটি ৭০ লাখের কিছু বেশি। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ২৪১টিতে। এ হিসাবে পাঁচ বছরে কার্ডের সংখ্যা বেড়েছে প্রায় ৯৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট কার্ডের মধ্যে ডেবিট কার্ড রয়েছে চার কোটি আট লাখ ৮৭ হাজার ৮০৪টি। ক্রেডিট কার্ডের সংখ্যা ২৮ লাখ পাঁচ হাজার ৪৪৯। আর প্রিপেইড কার্ড রয়েছে ৯২ লাখ ৭০ হাজার ৯৮৮টি।
তবে সামগ্রিকভাবে কার্ডভিত্তিক লেনদেন বাড়লেও আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে ব্যয়ের পরিমাণ কমেছে। ওই মাসে এ ধরনের কার্ড ব্যবহার করে গ্রাহকরা খরচ করেছেন চার হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকা। আগের মাস জুলাইয়ে এ ব্যয়ের পরিমাণ ছিল চার হাজার ৩২৫ কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে অভ্যন্তরীণ ক্রেডিট কার্ড ব্যয় কমেছে ৫ দশমিক ৪৪ শতাংশ।
আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। এ খাতে গ্রাহকদের খরচের পরিমাণ ছিল এক হাজার ৯৬৯ কোটি টাকা। এ ছাড়া খুচরা বিক্রয়কেন্দ্রে ৫১৮ কোটি, ইউটিলিটি বিল পরিশোধে ৪৪২ কোটি এবং ওষুধ কেনায় ২৮৪ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা।
এদিকে বাংলাদেশে বিদেশি ব্যাংকের কার্ড ব্যবহার করে লেনদেনের পরিমাণও বেড়েছে। গত আগস্টে বিদেশি গ্রাহকরা এ দেশে কার্ডের মাধ্যমে ২৪৯ কোটি টাকা ব্যয় করেছেন। আগের মাসের তুলনায় এ ব্যয় বেড়েছে ৬ দশমিক ২৭ শতাংশ। আর গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৪ দশমিক ৬৬ শতাংশ।
সব মিলিয়ে বাংলাদেশে ব্যাংক কার্ডের ব্যবহার ও লেনদেনের পরিধি বাড়ার চিত্র স্পষ্ট হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে। দেশের অভ্যন্তরীণ কেনাকাটা থেকে শুরু করে বিদেশে ভ্রমণ ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধ বিভিন্ন ক্ষেত্রেই কার্ডভিত্তিক লেনদেন এখন গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে।