Wednesday, October 21, 2026

পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নতুন রেকর্ড, ঘণ্টায় ৭২ মুভে কনটেইনার হ্যান্ডলিং


ছবিঃ পণ্য খালাস ও জাহাজে তোলার কাজে নতুন রেকর্ড গড়েছে পতেঙ্গা টার্মিনাল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) কনটেইনার ওঠানো-নামানোর কাজে নতুন উৎপাদনশীলতার রেকর্ড গড়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএসজিটি বাংলাদেশ। ঘণ্টায় সর্বোচ্চ ৭২ মুভের মাধ্যমে ১২২ টিইইউ কনটেইনার ব্যবস্থাপনা করে প্রতিষ্ঠানটি এ সাফল্য অর্জন করেছে। আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান সিএমএ সিজিএমের জাহাজ ‘এমভি আমুরো’ পরিচালনার সময় এ রেকর্ড তৈরি হয়।

বন্দর ও টার্মিনালসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর জাহাজটির কনটেইনার খালাস ও বোঝাইয়ের কাজ মাত্র ২১ ঘণ্টায় শেষ করে আরএসজিটি বাংলাদেশ। এ সময়ে মোট ১ হাজার ৫২৪টি কনটেইনার ওঠানো-নামানো হয়, যা প্রায় ২ হাজার ৫৭১ টিইইউর সমান। টার্মিনালে শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ উৎপাদনশীলতার রেকর্ড।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ঘণ্টায় ৫৮ মুভের মাধ্যমে ৮২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছিল প্রতিষ্ঠানটি। মাত্র এক মাসের ব্যবধানে সেই সক্ষমতা ছাড়িয়ে নতুন মাইলফলক অর্জন করল আরএসজিটি বাংলাদেশ।

এমভি আমুরো পরিচালনার সময় অর্জিত এ সাফল্যের প্রশংসা করেছে সিএমএ সিজিএম। সংশ্লিষ্টদের মতে, কনটেইনার ব্যবস্থাপনায় এ ধরনের অগ্রগতি টার্মিনালের পরিচালন দক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার সক্ষমতাও তুলে ধরে।

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক কনটেইনার টার্মিনাল অপারেটর হিসেবে কার্যক্রম পরিচালনা করছে আরএসজিটি বাংলাদেশ। দেশের বন্দর অবকাঠামোর সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক শিপিং লাইনগুলোর চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক বাণিজ্যের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে দ্রুত ও কার্যকর কনটেইনার ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন রেকর্ড অর্জনের বিষয়ে আরএসজিটি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) নাবিল ইউসুফ বলেন, সংশ্লিষ্ট সব অংশীজনের আস্থা ও বিশ্বাসকে প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্ব দেয়। পরিচালন দক্ষতায় নতুন মানদণ্ড প্রতিষ্ঠা, বৈশ্বিক মান বজায় রাখা এবং বন্দরের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন।

তিনি আরও জানান, এসব উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করাই তাদের লক্ষ্য।

পতেঙ্গা কনটেইনার টার্মিনালে ধারাবাহিকভাবে উৎপাদনশীলতা বাড়ানোর এ অগ্রগতি দেশের সমুদ্রবন্দর ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যের চাহিদা পূরণে নতুন সম্ভাবনা তৈরি করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন