- ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
নেটফ্লিক্সের বৈশ্বিক পরিসরে নতুন ইতিহাস তৈরি করেছে ইমরান হাশমি অভিনীত ওয়েব সিরিজ ‘তস্করি: দ্য স্মাগলার টাইম’। এটি প্রথম ভারতীয় নন–ইংলিশ ভাষার সিরিজ হিসেবে নেটফ্লিক্সের গ্লোবাল টপ টেন তালিকার শীর্ষে জায়গা করে নেয়। বর্তমানে সিরিজটি তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে।
নেটফ্লিক্সের পরিসংখ্যানভিত্তিক প্ল্যাটফর্ম টুডুমের তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে সিরিজটি দেখেছেন প্রায় ৫৪ লাখ দর্শক। এই সাফল্যের মাধ্যমে একই সময়ে ৪০ লাখ ভিউ পাওয়া কোরিয়ান রোমান্টিক কমেডি সিরিজ ‘ক্যান দিস লাভ বি ট্রান্সলেটেড?’–কে পেছনে ফেলেছে ‘তস্করি’।
নীরাজ পান্ডে পরিচালিত এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। গল্পে উঠে এসেছে বিমানবন্দরের ভেতরের জটিল নিরাপত্তাব্যবস্থা, সেখানকার কর্মীদের নীরব কিন্তু কঠিন দায়িত্ব এবং আন্তর্জাতিক চোরাচালান চক্রের অদৃশ্য লড়াই। থ্রিলার ঘরানার এই সিরিজে বাস্তবধর্মী পরিবেশ ও টানটান উত্তেজনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সিরিজটির বৈশ্বিক জনপ্রিয়তা নিয়ে প্রতিক্রিয়ায় ইমরান হাশমি বলেন, বিমানবন্দরে কাজ করা কর্মকর্তাদের জীবন ও দায়িত্বকে ঘিরে গল্প বলা তাঁদের জন্য ভিন্ন অভিজ্ঞতা ছিল। তাঁর ভাষায়, “গ্লোবাল নন–ইংলিশ টপ টেন তালিকায় এক নম্বরে পৌঁছানো আমাদের পুরো টিমের জন্য বড় অর্জন। দর্শকদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
তবে বিপুল দর্শকসংখ্যা পেলেও সমালোচকদের মূল্যায়নে সিরিজটি মধ্যম মানের বলে বিবেচিত হয়েছে। কয়েকটি ভারতীয় গণমাধ্যমের মতে, ‘তস্করি’ নতুন কোনো ধারা সৃষ্টি না করলেও একবার দেখার মতো থ্রিলার। বিশেষ করে ইমরান হাশমির সংযত ও পরিমিত অভিনয় গল্পের বাস্তবতাকে আরও বিশ্বাসযোগ্য করেছে বলে মন্তব্য করেছেন সমালোচকেরা। অধিকাংশ রিভিউতেই সিরিজটি পেয়েছে ৫-এর মধ্যে ৩ রেটিং।
সব মিলিয়ে, সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও দর্শকপ্রিয়তায় ‘তস্করি: দ্য স্মাগলার টাইম’ ইতিমধ্যেই নেটফ্লিক্সের ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে।