Wednesday, October 14, 2026

নাঙ্গলকোটে মামলায় জড়ানোয় দাখিল পরীক্ষায় অনিশ্চয়তায় শিক্ষার্থী নাদিম


ছবিঃ কামরুজ্জামান নাদিম। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার নাঙ্গলকোটে সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় কামরুজ্জামান নাদিম (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। আত্মগোপনে থাকায় চলমান দাখিল পরীক্ষায় অংশ নিতে পারছে না সে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাদিম নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল তুলা পুকুরিয়া এলাকায়। পরিবারের দাবি, মামলায় জড়ানোর কারণে তার শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দায়ের করা একটি সন্ত্রাস দমন মামলায় তাকে ২৪ নম্বর আসামি করা হয়। টেস্ট পরীক্ষার আগের রাতে পুলিশ তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাড়িতে গেলে বিষয়টি টের পেয়ে সে সেখান থেকে সরে যায়। এরপর থেকেই সে আত্মগোপনে রয়েছে।

নাদিমের মা ফাতেমা বেগম অভিযোগ করেন, তার ছেলেকে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। তিনি বলেন, “পরীক্ষার সময় এ ধরনের ঘটনায় আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে।” তিনি দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন জানান, নাদিম নিয়মিত শিক্ষার্থী এবং এ বছরের দাখিল পরীক্ষার্থী। মামলার বিষয়টি তার জানা ছিল না। তবে প্রয়োজনে শিক্ষার্থীর পক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ সহযোগিতা করবে বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি তার কাছে এই মুহূর্তে স্পষ্ট নয়। তবে কোনো শিক্ষার্থী যদি মামলার আসামি হয়, আদালতের অনুমতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকতে পারে।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহল বলছে, শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়ে এমন পরিস্থিতি একটি কিশোরের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন