- ২৫ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। যশোর
বিচার বিভাগে বিদ্যমান দুর্নীতি দূর করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিচার ব্যবস্থাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সব ধরনের দুর্নীতির শিকড় উপড়ে ফেলা হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নানা আলোচনা চলছে। তবে তিনি স্পষ্ট করে জানান, কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। অতীতের কিছু বিতর্কিত উদাহরণ টেনে তিনি বলেন, এমন বিচার বিভাগ গড়ে তোলা হবে না যেখানে অনিয়ম ও দুর্নীতির স্থান থাকবে।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিভিন্ন মহল থেকে ‘জুলাই সনদ’, মানবাধিকার কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সব আইন যথাযথ যাচাই-বাছাই শেষে সংসদে উপস্থাপন করা হবে।
বিএনপির অবস্থান প্রসঙ্গে তিনি দাবি করেন, দলটি ‘জুলাই সনদ’ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে বিএনপির ভেতরেই এ সনদের মূল চেতনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের আদেশের সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই।
অনুষ্ঠানে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
এর আগে আইনমন্ত্রী যশোরে বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন এবং পরে পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।
সভায় বক্তারা বিচার বিভাগের উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনজীবীদের পেশাগত পরিবেশ উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন।