Wednesday, October 14, 2026

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬


প্রতীকী ছবিঃ গ্রেফতার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চাঁদপুর

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ১৯৮ পিস ইয়াবাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একই দিনে জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আরও ৭৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার ও আটক করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চাঁদপুর সদর মডেল থানা এলাকায় ১৭ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাইমচর থানা পুলিশ দুই পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের পাশাপাশি সাতজনকে আটক করে। ফরিদগঞ্জে ১০ পিস ইয়াবাসহ একজনকে এবং আদালতের সিআর পরোয়ানা তামিলের মাধ্যমে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ওই এলাকায় কিশোর গ্যাং সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

মতলব দক্ষিণ থানা পুলিশ পাঁচজনকে এবং মতলব উত্তর থানা পুলিশ ছয়জনকে আটক করে। পরে তাঁদের কয়েকজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্যদের অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, হাজীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই থানায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয় ২১ জনকে। শাহরাস্তিতে তিন পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের পাশাপাশি ছয়জনকে আটক করা হয়। কচুয়া থানা পুলিশ ১৬ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ওই এলাকায় আরও নয়জনকে আটক করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক কিশোরদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে তাঁদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

এর আগে গত ১০ অক্টোবর চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। একই সময়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ৭০ জনকে আটক করে পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন