- ১৪ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সাধারণ নির্বাচনি এলাকার তুলনায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, সেনাবাহিনী মোতায়েন ছাড়াই ঠাকুরগাঁও-১ আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ নজরদারি থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে কিংবা ভোটের দিন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করতেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপনির্বাচনে নিরাপত্তা জোরদার, ভোটকেন্দ্রে নজরদারি এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে।