- ১৪ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলা নববর্ষকে স্বাগত জানাতে নানা আয়োজন হাতে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ শীর্ষক এই উদ্যোগে বৈশাখী মেলা, শোভাযাত্রা এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা করেছে দলটি।
এনসিপির সংস্কৃতি সেলের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সোমবার রাতে রাজধানীর বাংলামোটর এলাকার নেভি গলিতে আলপনা আঁকার কাজ চলে। এ কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পয়লা বৈশাখের দিন দুপুরের পর থেকে মূল আয়োজন শুরু হবে। বিকেল তিনটায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে আবার একই স্থানে এসে শেষ হবে।
একই সঙ্গে নেভি গলিতে বসবে বৈশাখী মেলা। সেখানে থাকবে গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ, মাটির তৈরি সামগ্রী এবং দেশীয় খাবারের দোকান। মুড়ি-মুড়কি, জিলাপিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার দর্শনার্থীদের জন্য রাখা হবে।
এছাড়া অনুষ্ঠানজুড়ে থাকবে গান, নাচ, বায়োস্কোপ ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা, যা বাঙালির লোকজ সংস্কৃতিকে তুলে ধরবে। আয়োজকরা জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুসারে সন্ধ্যা ছয়টার আগেই মেলার কার্যক্রম সমাপ্ত করা হবে।
এনসিপি নেতারা বলেন, নববর্ষের এই আয়োজন সবার জন্য উন্মুক্ত। তারা সাধারণ মানুষকে অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশ উপভোগ করার আহ্বান জানিয়েছেন।