Tuesday, April 14, 2026

পয়লা বৈশাখে টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর, উদ্বোধন হবে ‘কৃষক কার্ড’ কার্যক্রম


ছবিঃ অনুষ্ঠানস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। টাঙ্গাইল 

পয়লা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের প্রি-পাইলটিং উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় তিনি সড়কপথে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হবেন। সকাল ১০টায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। এরপর সাড়ে ১০টায় শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এরপর দুপুর সোয়া ১২টার দিকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন তিনি। দুপুরে সার্কিট হাউসে নামাজের বিরতি শেষে বেলা দুইটায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ১ হাজার ৪৭০ জন কৃষক এই কার্ড পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ১০০ জন কৃষক উপস্থিত থাকবেন এবং তাদের মধ্যে ১৫ জনের হাতে সরাসরি কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী।

সোমবার শহীদ মারুফ স্টেডিয়াম ও পৌর উদ্যান এলাকায় গিয়ে দেখা যায়, অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি জোরদার করা হয়েছে। মঞ্চ নির্মাণ, সাজসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে পুরোদমে। শহরজুড়েও নেওয়া হয়েছে শোভাবর্ধনের নানা উদ্যোগ।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ অনুষ্ঠানস্থল পরিদর্শন করে জানান, কৃষক কার্ড প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথমে দেশের নির্বাচিত কয়েকটি এলাকায় প্রি-পাইলটিং শুরু হবে, এরপর পাইলটিং এবং পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী চার বছরের মধ্যে দেশের সব কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।

স্থানীয় রাজনৈতিক নেতারা জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম টাঙ্গাইল সফর। এ উপলক্ষে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর এবং ‘কৃষক কার্ড’ কার্যক্রম কৃষি খাতে নতুন মাত্রা যোগ করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন