Tuesday, July 21, 2026

রায়পুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ১৮টি দেশীয় অস্ত্র


ছবিঃ অভিযানে রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের মোট ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বসতঘরে অভিযান চালিয়ে ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার পেছনে পারিবারিক বিরোধের বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারসংলগ্ন পুরোনো বেড়িবাঁধ এলাকায় আবুল হোসেন সর্দারের বাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘর তল্লাশি করে রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের মোট ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল হোসেন সর্দার ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন সর্দার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

অভিযুক্ত আবুল হোসেন সর্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, আবুল হোসেন সর্দারের সঙ্গে তার স্ত্রী খালেদা আক্তারের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রয়েছে। সোমবার দুপুরে আবুল হোসেন তার শ্যালককে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে গেলে খালেদা আক্তার পুলিশকে ঘরে অস্ত্র থাকার তথ্য দেন। ওই তথ্যের ভিত্তিতেই রাতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে কাউকে ফাঁসানোর চেষ্টা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস, সংরক্ষণের উদ্দেশ্য এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না—এসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন