Tuesday, July 21, 2026

বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, উসকানিমূলক বক্তব্য পরিহার করুন: সখীপুরে আযম খান


ছবিঃ বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আহমেদ আযম খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। টাঙ্গাইল

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপি সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে এবং সেই গণরায়ের প্রতি সম্মান দেখানো সবার দায়িত্ব। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও উসকানিমূলক বক্তব্য পরিহার করে আলোচনার মাধ্যমে দেশের অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (২০ জুলাই) রাত ৯টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, বিএনপি সরকার কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসেনি; জনগণের রায়ের ভিত্তিতেই সরকার গঠন করেছে। তাই নির্বাচন ও সরকারের বৈধতা নিয়ে বিভ্রান্তিকর বা উসকানিমূলক বক্তব্য জনগণ ইতিবাচকভাবে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিপুল অর্থ ব্যয় করেও অনেক প্রার্থী কাঙ্ক্ষিত ফল পাননি। অন্যদিকে নির্বাচন কমিশনের বিধি অনুসরণ করে জনগণের ভোটে বিএনপি ২১২টি আসনে জয়লাভ করেছে বলে দাবি করেন তিনি।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে তিনি বলেন, হুমকি বা উত্তেজনাপূর্ণ বক্তব্যের পরিবর্তে আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করা উচিত। তার ভাষ্য, সংঘাত নয়, পারস্পরিক সংলাপই দেশকে এগিয়ে নেওয়ার কার্যকর পথ।

বক্তব্যে তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন মহল সক্রিয় রয়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, ফ্যাসিবাদের দোসর ও উগ্রপন্থি গোষ্ঠীগুলো দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।

সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সহসভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসানসহ উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন