- ০২ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীতে এইচএসসি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে তিশা সরকার (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে নগরীর কাচিঝুলি মসজিদ রোড এলাকার একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তিশা সরকার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকার বাসিন্দা। তিনি আলমগীর মনসুর (মিন্টু) কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। লেখাপড়ার সুবিধার্থে গত প্রায় দুই বছর ধরে নগরীর একটি ছাত্রীনিবাসে অবস্থান করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে।
ঘটনার সময় একই মেসের অনেক শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি বা বিশ্রামে থাকায় তাৎক্ষণিকভাবে কেউ বিষয়টি টের পাননি বলে জানা গেছে। পরে খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম জানান, মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরীক্ষা-সংক্রান্ত মানসিক চাপসহ সম্ভাব্য সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবার, সহপাঠী ও শিক্ষকদের কাছে তিশার আকস্মিক মৃত্যু গভীর বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধরনের নিশ্চিত মন্তব্য না করার আহ্বান জানিয়েছে পুলিশ।