Friday, February 6, 2026

মৌলভীবাজারে অপহরণ: বিয়েতে সম্মতি না দেওয়ায় দশম শ্রেণির কিশোরী লাপাত্তা


প্রতীকী ছবিঃ অপহরণ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিয়েতে সম্মতি না দেওয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের ঘটনার প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো ওই কিশোরী ছাত্রীর কোনো সন্ধান পায়নি পুলিশ।

পরিস্থিতির কোনো অগ্রগতি না হওয়ায় বুধবার (২১ জানুয়ারি) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা জাহেদা বেগম বড়লেখা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় যুবক ফাহিম আহমদকে প্রধান আসামি করে আরও পাঁচজনকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারসাইল গ্রামের এক প্রবাসীর কন্যা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে অধ্যয়নরত। একই গ্রামের করিম মিয়ার ছেলে ফাহিম আহমদ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাতায়াতের পথে তাকে প্রেমের প্রস্তাবের নামে উত্যক্ত করে আসছিল।

উত্যক্তের বিষয়টি ছাত্রীটি তার মাকে জানালে পরিবার থেকে অভিযুক্ত যুবকের অভিভাবক ও স্থানীয়দের কাছে অভিযোগ জানানো হয়। পরে ফাহিমের পরিবারের পক্ষ থেকে কিশোরীটিকে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও তার বাবা-মা এতে সম্মতি দেননি।

অভিযোগ অনুযায়ী, গত ৮ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় কামরীপুল সিএনজি স্ট্যান্ড এলাকায় ফাহিম আহমদ ও তার সহযোগীরা জোরপূর্বক একটি গাড়িতে তুলে ছাত্রীটিকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় অপহৃত ছাত্রীর পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত মেয়েটিকে উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, ঘটনার পর সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান অব্যাহত রেখেছে। সর্বশেষ ভুক্তভোগীর মা আনুষ্ঠানিক মামলা দায়ের করেছেন। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন