- ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে আটক এক ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রোকনপুর সীমান্তে বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ভারতীয় নাগরিক রনজিত কুমার মন্ডলকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত দেওয়া রনজিত কুমার মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ জেলার হবিবপুর থানার ভবানিপুর গ্রামের বাসিন্দা। তিনি তাপশ মন্ডলের ছেলে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১৬ বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বুধবার ভোরে ভারতের অভ্যন্তরে বারাকা বিল এলাকায় মাছ ধরতে গিয়ে ওই ভারতীয় নাগরিক দুই বাংলাদেশি জেলের সঙ্গে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেন। পরে তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ধানসুরা বাজার এলাকায় অবস্থান নেন।
তিনি আরও জানান, বিষয়টি বিএসএফ বিজিবিকে অবহিত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ধানসুরা বাজার এলাকা থেকে ওই ভারতীয় নাগরিককে উদ্ধার করে হেফাজতে নেয়। পরিচয় ও প্রাথমিক যাচাই শেষে সীমান্ত রীতি অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।