- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা
নেত্রকোনার মোহনগঞ্জে পেঁপেগাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষে তোতা আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত তোতা আলী রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত তোতা আলী কমলপুর গ্রামের মৃত আসজ্জামানের ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাতে প্রতিবেশী মৃত সাদত আলীর ছেলে রবি মিয়ার সঙ্গে পেঁপেগাছ কাটাকে কেন্দ্র করে তোতা আলীর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ উত্তপ্ত হয়ে উঠলে রবি মিয়া বাঁশের লাঠি দিয়ে তোতা আলীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন আহত অবস্থায় তোতা আলীকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
তোতা আলীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত সংগ্রহ করে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও সংঘর্ষে কারা জড়িত ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।