Monday, September 14, 2026

টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু, চালক আটক


ছবিঃ এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় রাব্বি নামে আট বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার সালামত মিয়ার ছেলে। সে রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটি হওয়ার পর রাব্বি হেঁটে বাড়ির দিকে ফিরছিল। নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। একই সঙ্গে গাড়িটির চালক রাসেল (২৭)কে আটক করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে দুর্ঘটনায় শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার কারণ ও চালকের দায়িত্বে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন