Friday, September 25, 2026

মোহনগঞ্জে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, দুই সন্তানের বাবা গ্রেফতার


ফাইল ছবিঃ আবু হানিফ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীর চাচাতো বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে আবু হানিফ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারী তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

গ্রেফতার আবু হানিফ মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দুই সন্তানের বাবা।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, আবু হানিফ বিভিন্ন সময়ে তার স্ত্রীর চাচাতো বোনকে বিয়ের প্রস্তাব দিতেন। একপর্যায়ে বিয়ের কথা বলে ওই তরুণীকে সিলেটে নিয়ে যান তিনি। সেখানে একটি বাসা ভাড়া নিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে তরুণী অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পেরে হানিফকে জানান। অভিযোগ অনুযায়ী, বিষয়টি জানার পর হানিফ তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। এমনকি গর্ভের সন্তান নষ্ট করার জন্য কয়েক দফা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।

তরুণীর অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর রাতে হানিফের গ্রামের বাড়িতে গিয়ে বিয়ে রেজিস্ট্রির জন্য চাপ দিলে তিনি ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন।

এ ঘটনায় গত মঙ্গলবার মোহনগঞ্জ থানায় আবু হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই তরুণী। মামলার পর বুধবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন