- ২৫ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় ৪৮ ঘণ্টায় পরিচালিত ৯৮টি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত পর্যন্ত জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এসব অভিযান চালানো হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ২২ জন মাদক ব্যবসায়ী ও ৭৪ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলায় আরও ১৬৭ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে।
অভিযানকালে ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯টি ইয়াবা ট্যাবলেট এবং ৭২ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার সব থানা ও ডিবি পুলিশের সদস্যরা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন। মাদকদ্রব্যের সরবরাহ ও বিক্রি ঠেকাতে বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।