Thursday, July 16, 2026

মহাখালী থেকে পূর্বাচলে বাস স্থানান্তর শুরু, ফুলবাড়িয়ায় ঢুকবে না আন্তঃজেলা বাস


ফাইল ছবিঃ প্রথম ধাপে ২০টি বাস সরিয়ে নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টারঃ PNN 

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মহাখালীর দীর্ঘদিনের যানজট কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলে নির্মিত অস্থায়ী বাস ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে প্রথম ধাপে ২০টি বাস সরিয়ে নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজধানীর প্রবেশপথ হিসেবে মহাখালী এলাকায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয়। বাস টার্মিনালের কার্যক্রম আংশিকভাবে পূর্বাচলে স্থানান্তর করা গেলে এ চাপ অনেকটাই কমবে। পাশাপাশি যাত্রীদের চলাচল সহজ হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনাও আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

উদ্বোধনের পরপরই পূর্বাচলের অস্থায়ী ডিপোর উদ্দেশে বাসগুলো যাত্রা শুরু করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি কেবল শুরু। পর্যায়ক্রমে আরও বাস নতুন ডিপোতে স্থানান্তর করা হবে। পুরো প্রক্রিয়াটি সফল করতে পরিবহন মালিক, শ্রমিক এবং যাত্রীদের সহযোগিতাও কামনা করেছেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, মহাখালী টার্মিনালের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে রাজধানীর বাস টার্মিনাল ব্যবস্থাপনায় আরও একটি পরিবর্তন এসেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে ফুলবাড়িয়া বাস টার্মিনালে বিআরটিসিসহ কোনো আন্তঃজেলা বাস প্রবেশ করবে না। আপাতত এসব বাস সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চলাচল করবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর যানজট কমানো এবং বাস চলাচল আরও সুশৃঙ্খল করতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

রাজধানীর পরিবহন ব্যবস্থাপনায় চলমান এই পুনর্বিন্যাস কতটা সুফল বয়ে আনবে, তা সময়ই বলে দেবে। তবে সংশ্লিষ্টদের আশা, মহাখালী থেকে বাস স্থানান্তর এবং ফুলবাড়িয়া টার্মিনালের নতুন ব্যবস্থাপনা বাস্তবায়িত হলে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে যানজট কমবে, আর যাত্রীদের ভোগান্তিও কিছুটা হলেও লাঘব হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন