Thursday, February 5, 2026

মেয়ের ইনস্টাগ্রাম লাইভে হঠাৎ হাজির কিম কার্দাশিয়ান


ছবিঃ মা কিম কার্দাশিয়ানের সঙ্গে নর্থ ওয়েস্ট (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তারের ক্ষেত্রে কিম কার্দাশিয়ানের নাম প্রথম সারিতেই উচ্চারিত হয়। তাঁর যেকোনো পোস্ট বা লাইভ মুহূর্তেই লাখো মানুষের দৃষ্টি কাড়ে। তবে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কিমের নিজের কোনো কনটেন্ট নয়, বরং তাঁর কন্যা নর্থ ওয়েস্টের ইনস্টাগ্রাম লাইভ।

মাত্র ১২ বছর বয়সেই নর্থ ওয়েস্টের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। গত সোমবার নর্থের একটি লাইভ সম্প্রচারের সময় হঠাৎ করেই ঘরে উপস্থিত হন কিম কার্দাশিয়ান। বিষয়টি আঁচ করতে পেরে লাইভেই নর্থ দর্শকদের উদ্দেশে বলেন, ‘গাইজ, মনে হচ্ছে আমার মা এখানে এসেছে।’

লাইভ চলাকালেই অফস্ক্রিন থেকে কিমকে রসিকতার সুরে বলতে শোনা যায়, তিনি জানতে চান, নর্থ কেন তাঁর লাইভ দেখছে। এ সময় কিম ক্যামেরায় আসতে অনিচ্ছা প্রকাশ করলেও নর্থ মজা করে অনুসারীদের জানান, ‘গাইজ, গ্রেটেস্ট অব অল টাইম এখানে।’

মেয়ের এমন মন্তব্য শুনে হাসতে হাসতে কিম বলেন, কেউ যেন এই মুহূর্তটি রেকর্ড করে রাখে, কারণ হয়তো আর কখনো এমন প্রশংসা শুনতে পাবেন না। এরপর তিনি নর্থকে ভালোবাসার কথাও জানান। মা–মেয়ের এই খুনসুটি মুহূর্ত লাইভের দর্শকদের কাছে বেশ উপভোগ্য হয়ে ওঠে।

নর্থ তখন কিমকে ক্যামেরার সামনে আসার অনুরোধ জানালেও কিম জানতে চান, লাইভটি আর কতক্ষণ চলবে, কারণ তাঁকে একই ঘরে থাকতে হবে। তখন নর্থ রসিকতা করে বলে, লাইভে এলে কিছু অর্থও উপার্জন করা সম্ভব। এতে কিম দ্রুত আপত্তি জানিয়ে বলেন, তিনি এ ধরনের বিষয় পছন্দ করেন না।

শেষ পর্যন্ত কিম জানান, তিনি শুধু একটু দেখতে এসেছেন এবং লাইভে অংশ নেবেন না। পাশাপাশি মেয়েকে ঘুমাতে যাওয়ার কথাও মনে করিয়ে দেন।

উল্লেখ্য, নর্থ ওয়েস্ট ছাড়াও কিম কার্দাশিয়ান ও তাঁর সাবেক স্বামী কেনি ওয়েস্টের আরও তিন সন্তান রয়েছে—সেন্ট, শিকাগো ও পাসালম ওয়েস্ট। মা–মেয়ের এই স্বতঃস্ফূর্ত মুহূর্ত ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন