- ১৫ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কার্যক্রম পরিচালনার জন্য ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। তিনটি ট্রাকে করে আনা বিস্ফোরকবাহী চালান বুধবার দুপুরে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায়।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে ভারত থেকে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আনা হয়েছে। ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড এসব বিস্ফোরক সরবরাহ করেছে।
চালানটি বেনাপোল বন্দরে পৌঁছানোর পর কাস্টমসের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিস্ফোরক দ্রব্যগুলো সংরক্ষণ করা হয়।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বিস্ফোরকবাহী চালানকে ঘিরে পুরো বন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, বিস্ফোরক দ্রব্যের নিরাপদ খালাস, সংরক্ষণ ও পরিবহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে এসব বিস্ফোরক দিনাজপুরের মধ্যপাড়া খনিতে পৌঁছে দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানিতে পাথর উত্তোলনের কাজে নিয়মিত বিস্ফোরক ব্যবহার করা হয়। খনির উৎপাদন কার্যক্রম সচল রাখতে এই আমদানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।