- ২০ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। খুলনা
খুলনার তেরখাদা উপজেলা সদরের কাটেঙ্গা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে থানার সামনে দুই পক্ষের লোকজন জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উভয় পক্ষের পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সংঘর্ষের পর আতঙ্কে কাটেঙ্গা বাজারের দোকানপাট প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উপজেলা সদরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার তেরখাদা উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাইয়ের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের ছেলের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
সকাল ১১টার দিকে উভয় পক্ষের লোকজন কাটেঙ্গা বাজারে থানার সামনে জড়ো হন। পরে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েকজনের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ব্যক্তিদের পরিচয় ও তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন। বর্তমানে উপজেলা সদরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের তৎপরতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় নতুন করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।