Sunday, May 24, 2026

লভ্যাংশ বিতরণে কঠোর নীতি, কম মূলধনের ব্যাংকে নগদ লভ্যাংশে নিষেধাজ্ঞা


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের ব্যাংকিং খাতের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করতে লভ্যাংশ ঘোষণা ও বিতরণের ক্ষেত্রে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক । নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বাণিজ্যিক ব্যাংকের পরিশোধিত মূলধন ২ হাজার কোটি টাকার কম, তারা চলতি বছর থেকে কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না।

শনিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ব্যাংকগুলোর মূলধনভিত্তি আরও মজবুত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যাংক সব ধরনের সংবিধিবদ্ধ ও আইনি শর্ত পূরণ করে মুনাফা বিতরণের যোগ্য হবে, তারা মোট ঘোষিত লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ নগদে দিতে পারবে। অর্থাৎ, লভ্যাংশ বিতরণে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, এই নিয়ম ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা থেকে কার্যকর হবে এবং পরবর্তী বছরগুলোতেও একইভাবে প্রযোজ্য থাকবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, নতুন এই সীমা আরোপ করা হলেও আগের জারি করা অন্যান্য নির্দেশনা বহাল থাকবে। এর মধ্যে ২০২৫ সালের ১৩ মার্চ প্রকাশিত সংশ্লিষ্ট ডিওএস সার্কুলারের বিধানও কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে দেশের ব্যাংকিং খাত নানা অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ অবস্থায় আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিকভাবে ব্যাংকিং ব্যবস্থাকে আরও স্থিতিশীল করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

বিশ্লেষকদের মতে, নগদ লভ্যাংশের ওপর সীমাবদ্ধতা আরোপের ফলে ব্যাংকগুলো মুনাফার বড় অংশ নিজেদের মূলধনে সংরক্ষণ করতে পারবে। এতে ভবিষ্যতে ঝুঁকি মোকাবিলা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন