Saturday, June 6, 2026

লালমনিরহাট সীমান্তে পুশইন প্রচেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ


ছবিঃ লালমনিরহাট সীমান্তে পুশইন প্রচেষ্টা ব্যর্থ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। লালমনিরহাট

লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা ৩৩ জনকে শেষ পর্যন্ত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে নারী ও শিশুও ছিল।

শনিবার বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জেলার একাধিক সীমান্ত এলাকায় নজরদারি ও কঠোর অবস্থানের কারণে পুশইনের চেষ্টা সফল হয়নি। পরে সীমান্তের ওপারে অবস্থান করা ব্যক্তিদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিজেদের ভূখণ্ডে সরিয়ে নেয়।

বিজিবি সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে অবস্থান করা লোকজনকে শুক্রবার রাতেই ভারতীয় ভূখণ্ডের আরও ভেতরে নিয়ে যাওয়া হয়। একইভাবে পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ি সীমান্তে শূন্যরেখার কাছে অপেক্ষমাণ ব্যক্তিদেরও শনিবার সকালে সেখান থেকে সরিয়ে নেয় বিএসএফ।

অন্যদিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত এলাকায় ভারতীয় অংশে অবস্থান করা লোকজনও রাতের মধ্যে সরে গেছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, শুক্রবার ভোরে জেলার চারটি পৃথক সীমান্ত এলাকা দিয়ে নারী, শিশু ও পুরুষসহ মোট ৩৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির সতর্ক অবস্থান এবং স্থানীয় জনগণের সহযোগিতার কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন