Tuesday, November 10, 2026

ক্যানসারের চিকিৎসায় ইংল্যান্ডে বাটলার, নারী দলের দায়িত্বে ফরাসি কোচ মাঁরে


ছবিঃ বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। বর্তমানে ইংল্যান্ডে চিকিৎসাধীন থাকায় তাঁর অনুপস্থিতিতে এক মাসের জন্য নারী দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ফরাসি কোচ এরিক মাঁরে। সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আপাতত দলের দায়িত্ব পালন করবেন মাঁরে। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এই দুই ম্যাচের প্রস্তুতি ও দল পরিচালনার দায়িত্ব থাকবে ফরাসি এই কোচের ওপর।

গত মাসের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যান পিটার বাটলার। পরে জানা যায়, তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে ইংল্যান্ড থেকে দেশের একটি সংবাদমাধ্যমকে মুঠোফোনে বাটলার বলেন, ‘আমি সত্যি ভালো নেই। শরীরটা খুব খারাপ। আমার জন্য দোয়া করবেন।’

বাটলারের অসুস্থতার খবরে দেশের নারী ফুটবল অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর অনুপস্থিতিতে দলের প্রস্তুতি ও আসন্ন ম্যাচগুলোতে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিয়েছে বাফুফে।

এক মাসের দায়িত্বে এরিক মাঁরে কীভাবে দলকে প্রস্তুত করেন, এখন সেটিই দেখার বিষয়। একই সঙ্গে বাটলারের দ্রুত সুস্থতা কামনা করছেন দেশের ফুটবলসংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন