- ১০ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইন। আসন্ন দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে তাঁকে এক সিরিজের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বেনকেনস্টেইনের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
৫২ বছর বয়সী এই কোচের খেলোয়াড়ি জীবনে রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি ওয়ানডে খেলেছেন তিনি। বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন বেনকেনস্টেইন।
এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মতো দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে সাম্প্রতিক সময়ে পরিবর্তন এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সালাহউদ্দীন।
এবার দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বেনকেনস্টেইনের ওপর আস্থা রাখল বিসিবি। স্বল্পমেয়াদি এই নিয়োগে তাঁর অভিজ্ঞতা বাংলাদেশের ব্যাটিং বিভাগকে কতটা সহায়তা করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।