Monday, November 9, 2026

সাদমানের চোটে দক্ষিণ আফ্রিকা সফরের দলে নাঈম ও রবিন


ফাইল ছবিঃ প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

গোড়ালির চোটে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে আসন্ন টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন। এর মধ্যে প্রথমবারের মতো জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন রবিন।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে গোড়ালিতে চোট পান সাদমান। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর খেলা হচ্ছে না। এদিকে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও চিকিৎসাজনিত কারণে দল থেকে ছিটকে গেছেন। ফলে ওপেনিংয়ের বিকল্প হিসেবে নতুন করে ভাবতে হয়েছে নির্বাচকদের।

রবিনকে দলে নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, দীর্ঘদিন ধরেই ডানহাতি ওপেনার খুঁজছিলেন তাঁরা। রবিনের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তাঁকে প্রস্তুত মনে হয়েছে নির্বাচকদের। বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তাঁর ভালো খেলার বিষয়টি দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে।

অন্যদিকে, দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। প্রধান নির্বাচক জানান, দক্ষিণ আফ্রিকা সিরিজে সাদমানের অনুপস্থিতি এবং জয়ের চোটের কারণে ওপেনিংয়ে বিকল্প প্রয়োজন ছিল। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নাঈমকে দলে নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১৫ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে।

টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন