- ২৭ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
কুমিল্লায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল এবং উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় নকল ওষুধ উৎপাদন ও সরবরাহ চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।
পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডসংলগ্ন শ্রীবল্লভপুর এলাকায় একটি পিকআপ ভ্যানকে লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তল্লাশি চালিয়ে শিশু ও প্রাপ্তবয়স্কদের ব্যবহারের জন্য তৈরি বিপুল পরিমাণ নকল ক্যাপসুল, ট্যাবলেট ও সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা ওষুধের মোট সংখ্যা ১৮ হাজার ৬৬০ পিস।
এ ছাড়া ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রায় ১০০ কেজি কেমিক্যাল পাউডার, সাত লিটার তরল রাসায়নিক, প্রায় ২০ হাজার ওষুধের লেবেল, ১৫ কেজি ফয়েল পেপার এবং নকল ওষুধ উৎপাদনে ব্যবহৃত তিনটি মেশিন জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে নকল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস এলাকার বাসিন্দা জুনায়েদ ইসলামকে আটক করা হয়।
পরে জব্দ করা মালামাল সদর দক্ষিণ মডেল থানায় নিয়ে যাওয়া হয়। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক ফখরুল ইসলামের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক ফখরুল ইসলাম বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, অভিযানে উদ্ধার হওয়া আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে নকল ওষুধ উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।