Saturday, June 27, 2026

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রেস্টুরেন্টে একা পড়ে থাকা শিশুকে উদ্ধার, চলছে পুলিশের উদ্ধার তৎপরতা


ছবিঃ কুমিল্লায় মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টে নাশতা করে দুই বছরের কন্যা শিশু ফেলে চলে গিয়েছে এক বিদেশি পরিবার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি রেস্টুরেন্টে নাশতা শেষে ভুলবশত দুই বছর বয়সী এক কন্যাশিশুকে রেখে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। শিশুটিকে নিরাপদে রেখে তার পরিবারের সন্ধানে পুলিশ ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।

শনিবার (২৭ জুন) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, সকালে প্রায় ১৫ সদস্যের একটি বিদেশি পরিবার দুটি গাড়িতে করে সেখানে আসে। তারা একসঙ্গে নাশতা করেন এবং কিছু সময় আড্ডা দেওয়ার পর তড়িঘড়ি করে রওনা দেন। পরে কর্মচারীরা লক্ষ্য করেন, একটি ছোট্ট কন্যাশিশু রেস্টুরেন্টের ভেতর একা বসে রয়েছে। তখনই বিষয়টি তাদের নজরে আসে।

রেস্টুরেন্টের মালিক লুৎফুর রহমান রিপন বলেন, শিশুটির বয়স আনুমানিক দুই বছর। সে নিজের নাম বা পরিবারের পরিচয় জানাতে পারছে না। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সদর দক্ষিণ থানা পুলিশকে অবহিত করা হয়। বর্তমানে শিশুটি রেস্টুরেন্টের তত্ত্বাবধানে নিরাপদে রয়েছে।

রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, পরিবারটি যাওয়ার সময় অসাবধানতাবশত শিশুটিকে সঙ্গে নিতে ভুলে যায়। ধারণা করা হচ্ছে, বিষয়টি বুঝতে না পেরেই তারা রওনা দিয়েছেন।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। শিশুটিকে নিরাপদে হেফাজতে রেখে তার পরিবারকে শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যোগাযোগ করে পরিবারটির অবস্থান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে শিশুটিকে তার পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দিতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। পুলিশ আশা করছে, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই পরিবারটির সন্ধান পাওয়া সম্ভব হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন