Monday, May 11, 2026

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত


ছবিঃ বিএসএফের গুলিতে নিহত মো. মুরসালিন (২০) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে সীমান্তের ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

নিহত মো. মুরসালিন কসবা উপজেলার ধজনগর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে প্রশাসন।

শনিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় সহযোগীদের সঙ্গে নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। পরে তারা মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফের টহল দলের মুখোমুখি হন।

বিজিবির দাবি, এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশিদের ধস্তাধস্তির একপর্যায়ে গুলি ছোড়া হয়। ছররা বন্দুকের গুলিতে দুজন গুরুতর আহত হন। পরে ভারতের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ–এর ৬০ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহতদের মরদেহ ফেরত আনার জন্য পতাকা বৈঠকের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে বিজিবি।

৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এসএম শরিফুল ইসলাম বলেন, বিএসএফ কর্তৃপক্ষ দুই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ময়নাতদন্ত শেষে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে বলে তারা জানিয়েছে।

এদিকে মো. ছামিউল ইসলাম বলেন, নিহত মুরসালিন একজন কলেজ শিক্ষার্থী ছিলেন। অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে প্রটেস্ট নোট পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে বিজিবি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন