- ১০ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নীলফামারী
দেশের উর্বর কৃষিজমি সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে শিল্পায়নের প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা কিংবা বিদ্যমান বিসিক শিল্পনগরী সম্প্রসারণের ক্ষেত্রে কৃষিজমির পরিবর্তে পরিত্যক্ত, অকৃষি ও এক ফসলি জমিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী পরিদর্শন শেষে সৈয়দপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পরিকল্পনাহীন শিল্পায়ন ভবিষ্যতে পরিবেশ ও খাদ্যনিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই শিল্প সম্প্রসারণে একটি সুস্পষ্ট নীতিমালা অনুসরণ করা হচ্ছে। রংপুর বিভাগের বিদ্যমান শিল্পনগরীগুলোর সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন শিল্পনগরী স্থাপনের কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, সরকার এখন শুধু প্রচলিত শিল্পে সীমাবদ্ধ থাকতে চায় না; বরং লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প ও হালকা প্রকৌশল খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে রেলওয়েকে কেন্দ্র করে উত্তরাঞ্চলে হালকা প্রকৌশল শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, বিকল্প ব্যবস্থা তৈরি না করে হঠাৎ করে এসব পণ্য বন্ধ করা বাস্তবসম্মত নয়। পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হলে আগে পর্যাপ্ত পাট উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে হবে। ধাপে ধাপে পরিবেশবান্ধব শিল্পব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হাফেজ আব্দুল মুনতাকিম, মোহাম্মদ নায়িরুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।