Tuesday, March 3, 2026

কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার প্রকাশ


প্রতীকী ছবিঃ কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল বুধবার (৭ জানুয়ারি) প্রকাশ করা হবে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কখন ঠিক সময় প্রকাশ করা হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান সোমবার (৫ জানুয়ারি) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “৭ জানুয়ারি ফলাফল প্রকাশ করা হবে। কোন প্রক্রিয়া ও সময়ে প্রকাশ হবে, তা আমরা উপাচার্যদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিষয়ক ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একযোগে ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে পরিচালিত হয় এবং গত ৩ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এবারের ভর্তি পরীক্ষায় ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭০১ আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ২২৮ শিক্ষার্থী। ফলে গড়ে প্রতি আসনের জন্য প্রায় ২৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন। ভর্তি পরীক্ষার সার্বিক প্রযুক্তিগত ও প্রশাসনিক দায়িত্বে থাকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন:

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ১,০১৬টি আসন

  • গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়: ৫১০টি আসন

  • শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ৭০৫টি আসন

  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৪৫২টি আসন

  • চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়: ২৭৫টি আসন

  • সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ৪৩১টি আসন

  • খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: ১৫০টি আসন

  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: ৯০টি আসন

  • কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়: ৮২টি আসন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে ভর্তি কার্যক্রম সংক্রান্ত সকল নির্দেশনা এবং পরবর্তী ধাপের তথ্যও ছাত্রছাত্রীদের জানানো হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন