Tuesday, June 2, 2026

কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, পলাতক চালককে খুঁজছে পুলিশ


ছবিঃ কর্ণফুলী উপজেলার নতুন ব্রিজ এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার নতুন ব্রিজ এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যান।

নিহতরা হলেন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা উত্তরপাড়া এলাকার বাসিন্দা দুর্গাপদ মল্লিক (৭৫) এবং তার ছেলে বিধান মল্লিক (৪৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নতুন ব্রিজ এলাকা থেকে মইজ্জ্যারটেকমুখী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলের পেছনে বসা দুর্গাপদ মল্লিক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে মোটরসাইকেল চালক বিধান মল্লিক গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে বাবা ও ছেলের মৃত্যুতে স্বজনরা ভেঙে পড়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন