Tuesday, September 22, 2026

কর্মস্থলে অনুপস্থিতি ও চাকরি থেকে পলায়নের অভিযোগে সাবেক এসপি বরখাস্ত


ছবিঃ আরিফুর রহমান মণ্ডল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডলকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং চাকরি থেকে পলায়নের অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার বরখাস্তের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী আরিফুর রহমান মণ্ডলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের কথা জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, আরিফুর রহমান মণ্ডল ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত প্রক্রিয়ায় তার কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

এরপর সরকারি দায়িত্ব পালনে অবহেলা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে একই ঘটনায় ২০২৫ সালের ২ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার আদেশে বলা হয়, সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান মণ্ডল তখন বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী চাকরি থেকে পলায়নের অভিযোগে তাকে অভিযুক্ত করে একই বিধিমালার বিধি ১২-এর উপবিধি (১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়। তার অনুপস্থিতির তারিখ থেকেই সাময়িক বরখাস্ত কার্যকর করা হয়েছিল।

পরবর্তী সময়ে বিভাগীয় মামলার কার্যক্রমে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্তের পরিবর্তে এবার তাকে স্থায়ীভাবে সরকারি চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হলো।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন